![]()
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। এছাড়া সন্দেহজনক হাম রোগ বা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৯১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে।
এদিকে একই সময়ে পরীক্ষাগারে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে আরও ৪৮৯ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯৭৯ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। তারা নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন।