• হোম > বাংলাদেশ > কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী

  • শনিবার, ৯ মে ২০২৬, ১৫:১২
  • ৫৭

---

তারেক রহমান বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম-এর উদ্ভাবিত ‘এ টু আই স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন।

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়-এ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ওয়াকিমুল। এ সময় তিনি নিজের তৈরি ব্যাটারিচালিত ছোট বাহনটি প্রধানমন্ত্রীকে দেখান এবং পরে সেটিতে প্রধানমন্ত্রীকে নিয়ে চালিয়েও দেখান।

আতিকুর রহমান রুমন জানান, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট কার তৈরি করায় প্রধানমন্ত্রী ১৭ বছর বয়সী এই তরুণের প্রশংসা করেন। পাশাপাশি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন এবং এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহায়তার আশ্বাসও দেন।

সাক্ষাৎকালে ওয়াকিমুল ইসলাম তার উদ্ভাবনের গল্প তুলে ধরে জানান, একসময় তিনি বাসায় বসেই সময় কাটাতেন এবং একা বাইরে চলাফেরা করতে পারতেন না। সেই সীমাবদ্ধতা কাটানোর চিন্তা থেকেই তিনি স্মার্ট কারটি তৈরি শুরু করেন।

ওয়াকিমুল বর্তমানে চৌগাছা সরকারি কলেজ-এ একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করছেন। তাঁর বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

তিনি আরও জানান, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার তৈরি করা সম্ভব, যা শুধু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাই নয়, প্রবীণরাও ব্যবহার করতে পারবেন।

ওয়াকিমুলের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, বৈদ্যুতিক চার্জে গাড়িটি ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ড. এ কে এম শামছুল ইসলাম, এ বি এম আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9898 ,   Print Date & Time: Friday, 21 August 2026, 05:20:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh