• হোম > অর্থনীতি > ভেঞ্চার ক্যাপিটালের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে মঙ্গলবার

ভেঞ্চার ক্যাপিটালের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে মঙ্গলবার

  • বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ১৭:৪৭
  • ৪৪

---

দেশের প্রযুক্তিনির্ভর উদীয়মান উদ্যোগ বা স্টার্টআপ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি)।

দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের যৌথ উদ্যোগে গঠিত এই ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানটির সূচনা তহবিলের উদ্বোধন হবে আগামী ১২ মে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ড. মো. মোস্তাকুর রহমান।

অনুষ্ঠানে বিএসআইসির চেয়ারম্যান ও সিটি ব্যাংক–এর ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন স্বাগত বক্তব্য দেবেন। এছাড়া অ্যাংকরলেস বাংলাদেশের ম্যানেজিং পার্টনার রাহাত আহমেদ বিএসআইসি ফান্ডের বিনিয়োগ কৌশল ও কাঠামো তুলে ধরবেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত ব্যাংকগুলোর মুনাফার ১ শতাংশ অর্থ দিয়ে প্রায় ৬০০ কোটি টাকার প্রাথমিক মূলধনে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ভবিষ্যতেও প্রতিবছর ব্যাংকগুলোর মুনাফার একটি অংশ যুক্ত হওয়ায় তহবিলের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিএসআইসির তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন প্রায় ৪২৫ কোটি টাকা এবং অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা। প্রতিষ্ঠানটি সরাসরি স্টার্টআপে ইক্যুইটি বিনিয়োগের পাশাপাশি বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডকে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আনতেও কাজ করবে।

সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় প্রাতিষ্ঠানিক অর্থায়নের অভাবে দেশের অনেক সম্ভাবনাময় স্টার্টআপ প্রাথমিক পর্যায়ে টিকে থাকতে পারেনি। নতুন এই উদ্যোগ স্টার্টআপ খাতের দীর্ঘদিনের অর্থায়ন সংকট কিছুটা দূর করবে বলে আশা করা হচ্ছে।

প্রাথমিকভাবে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, রিটেইল সেবা, গ্রামীণ অর্থনীতি, যোগাযোগ, লজিস্টিকস ও খাদ্যপণ্য খাতের সম্ভাবনাময় স্টার্টআপে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘Catalyzing Institutional Capital for Bangladesh’s Next Growth Wave’ শীর্ষক একটি প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হবে। এতে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং উদ্ভাবনী উদ্যোক্তা তৈরির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন খাতসংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড–এর কার্যক্রমের গতি কমে আসার প্রেক্ষাপটে বিএসআইসির যাত্রা দেশের স্টার্টআপ খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9863 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 11:45:18 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh