![]()
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর চতুর্থ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ নির্দেশনার কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তগুলো মাঠপর্যায়ে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে সড়ক-মহাসড়ক ও রেলপথের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না।
তিনি জানান, বড় পশুর হাটগুলোতে জালনোট শনাক্তকরণ মেশিন রাখা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করে টহল দেবেন।
মন্ত্রী আরও বলেন, ঈদের সাত দিন আগে পুলিশ সদরদপ্তরে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। এছাড়া মহাসড়কগুলো সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হবে।
ফেরিঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাইকিং ও সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের কথাও জানান তিনি।
চামড়া শিল্প রক্ষায় সরকারের বিশেষ উদ্যোগের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে বিনামূল্যে পর্যাপ্ত লবণ সরবরাহ করা হবে, যাতে তৃণমূল পর্যায়ে কোরবানির পশুর চামড়া অন্তত সাত দিন সংরক্ষণ করা যায়।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।