![]()
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন।
আজ বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বর্ষা মৌসুম শুরুর আগে এসব সফরের সময় খাল-খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী জানান, ১৬ মে চাঁদপুরে এবং ২৫ মে ফেনীতে প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। বিশেষ করে খাল খনন কর্মসূচি এই সফরের মূল অগ্রাধিকার হিসেবে থাকবে।
তিনি আরও বলেন, সরকার পাঁচ বছর মেয়াদে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এই কাজ শুরু হয়েছে এবং মন্ত্রী-এমপিরা নিজ নিজ এলাকায় এটি বাস্তবায়ন করছেন।
বর্ষা শুরুর আগে চলতি মে মাস পর্যন্ত খাল খনন কাজ চলবে এবং বর্ষার পর আবার নভেম্বর-ডিসেম্বর থেকে নতুন করে এ কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রী আরও জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পের কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সরকার শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সব মিলিয়ে, আসন্ন দুই জেলার সফরকে সরকার চলমান পানি ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে বলে তিনি মন্তব্য করেন।