• হোম > বিদেশ > ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম

ইরানের সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিতে বিশ্ববাজারে কমছে তেলের দাম

  • বুধবার, ৬ মে ২০২৬, ১৩:০৮
  • ৪১

---

ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো তেলের দাম কমেছে। বাজারে ধারণা তৈরি হয়েছে যে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুট আবারও স্বাভাবিক হতে পারে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড-এর দাম এক দশমিক ৮৯ ডলার বা প্রায় ১.৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০৭.৯৮ ডলারে নেমেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচার এক দশমিক ৮৩ ডলার বা ১.৮ শতাংশ কমে ১০০.৪৪ ডলারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন যে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সহায়তায় পরিচালিত ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান সাময়িকভাবে স্থগিত করা হবে। একইসঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে একটি “বিস্তৃত চুক্তি” নিয়ে অগ্রগতি হচ্ছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এবং তেহরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি।

এলএসইজি-এর তেলবিষয়ক সিনিয়র রিসার্চ স্পেশালিস্ট আন ফাম বলেন, এই পরিস্থিতি উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমার ইঙ্গিত দিচ্ছে এবং আটকে থাকা জাহাজগুলো ধীরে ধীরে চলাচল শুরু করতে পারে, যা বাজারে সরবরাহ স্বাভাবিক করতে সহায়ক হবে।

তবে বিশ্লেষকদের মতে, তেলের বাজার এখনো অস্থির। কারণ শান্তি চুক্তির সম্ভাবনা অনিশ্চিত এবং চুক্তি হলেও বৈশ্বিক সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। এ কারণেই ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় তেলের দাম এখনো প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে রয়েছে।

ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। গত সপ্তাহে সরবরাহ সংকটের কারণে ব্রেন্ট ক্রুডের দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

এদিকে মার্কো রুবিও সাংবাদিকদের জানান, আটকে পড়া ট্যাংকারগুলোকে নিরাপদে সরিয়ে নিতে যুক্তরাষ্ট্র কাজ করছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, সোমবার তারা দুটি জাহাজকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় কয়েকটি ইরানি ছোট নৌকা, ক্রুজ মিসাইল এবং ড্রোন ধ্বংস করেছে।

হরমুজ প্রণালিতে অচলাবস্থার কারণে বৈশ্বিক তেল মজুতেও চাপ তৈরি হয়েছে। এ অবস্থায় মার্কিন জ্বালানি বাজারেও মজুত কমে যাচ্ছে। আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ক্রুড অয়েলের মজুত টানা তৃতীয় সপ্তাহের মতো কমেছে।

সর্বশেষ হিসাবে, দেশটিতে ক্রুড স্টক ৮.১ মিলিয়ন ব্যারেল, গ্যাসোলিন মজুত ৬.১ মিলিয়ন ব্যারেল এবং ডিস্টিলেট মজুত ৪.৬ মিলিয়ন ব্যারেল কমেছে বলে বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9776 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 06:07:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh