• হোম > বাংলাদেশ > প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ

প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ

  • বুধবার, ৬ মে ২০২৬, ১৩:০৫
  • ৫১

---

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে ২০২১-২২ অর্থবছরের ৩৮টি অডিট রিপোর্ট পেশ করেছেন বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম।

আজ বিকেলে সচিবালয়-এ প্রধানমন্ত্রীর দফতরে এসব রিপোর্ট উপস্থাপন করা হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি জানান, সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ওপর পরিচালিত মোট ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। রিপোর্টগুলোতে পাওয়া পর্যবেক্ষণ ও সুপারিশ সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৮(১) অনুচ্ছেদ এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাডিশনাল ফাংশন্স) অ্যাক্ট, ১৯৭৪-এর ধারা ৫ অনুযায়ী এসব অডিট রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

এতে ১৭টি মন্ত্রণালয় ও বিভাগের অধীন বিভিন্ন অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠান এবং প্রকল্পের কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। জাতীয় সংসদে উপস্থাপনের আগে নিয়ম অনুযায়ী সিএজি এসব রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে শুধু কমপ্লায়েন্স অডিট নয়, বরং পারফরম্যান্স অডিটের ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিভিন্ন প্রকল্প ও সরকারি কার্যক্রমের উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কি না, তা কার্যকরভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

অডিট রিপোর্ট উপস্থাপনের সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9774 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 06:59:12 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh