![]()
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কৃষকদের অর্থনীতি শক্তিশালী করাই সরকারের মূল লক্ষ্য, কারণ কৃষকের আর্থিক সক্ষমতা বাড়লে দেশের সামগ্রিক অর্থনীতিও শক্তিশালী হবে। তিনি জানান, প্রধানমন্ত্রীও এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাই অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে সরকার সবসময় থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে।
আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জের সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকেরা যেন সহায়তা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সতর্কভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তিনি নিজেও কৃষকের সঙ্গে মাঠে কাজ করেছেন এবং কৃষকের বাস্তব অবস্থা সম্পর্কে অবগত।
একই সভায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, কৃষকদের ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, ফসল রক্ষা বাঁধ নির্মাণে কিছু ক্ষেত্রে অনিয়ম ও অপরিকল্পিত কাজের কারণে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন। ভবিষ্যতে এমন প্রকল্প নেওয়া উচিত যা সরাসরি কৃষকের উপকারে আসে এবং অপ্রয়োজনীয় ব্যয় ও অনিয়ম এড়ানো যায় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সুনামগঞ্জের মতো এক ফসলি এলাকায় সময়মতো ফসল ঘরে তুলতে পারলে কৃষকের সারাবছরের জীবিকা নিশ্চিত হয়, তাই এসব অঞ্চলে প্রকল্প গ্রহণে আরও দায়িত্বশীল হতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টাও উপস্থিত ছিলেন। সভা শেষে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ২০ কেজি করে চাল ও নগদ সহায়তা বিতরণের কার্যক্রম শুরু করার কথা রয়েছে।