• হোম > দেশজুড়ে > হামের টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু; লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান

হামের টিকা পেয়েছে ১ কোটি ৬১ লাখ শিশু; লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত: জাহেদ উর রহমান

  • মঙ্গলবার, ৫ মে ২০২৬, ১৫:২৮
  • ৫৭

---

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে এখন পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু টিকা পেয়েছে। এতে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ অর্জিত হয়েছে এবং শিগগিরই শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

আজ সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ, যা জটিলতা সৃষ্টি করে নিউমোনিয়াসহ প্রাণঘাতী পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। তাই সরকার এ টিকাদান কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে।

তিনি আরও জানান, টিকাদান কার্যক্রম সফল করতে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ ও গ্যাভির সহযোগিতায় অতিরিক্ত ২২ লাখ মিক্সিং সিরিঞ্জ দেশে এসেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহায়তায় যক্ষ্মা শনাক্তে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ অনুদান হিসেবে পাওয়া গেছে।

স্বাস্থ্যখাত ছাড়াও অন্যান্য খাতের অগ্রগতির বিষয়ে ব্রিফিংয়ে তথ্য তুলে ধরেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে বর্ষা মৌসুম সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা।

শিক্ষা খাতে নতুন উদ্যোগ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। আগামী জুলাই থেকে পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলার দুটি বিদ্যালয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই কর্মসূচি শুরু হবে।

জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমানে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। ২ মে পর্যন্ত হিসাব অনুযায়ী ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। জনগণকে এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত দেশে বড় ধরনের লোডশেডিং হয়নি, যদিও কিছু এলাকায় সঞ্চালন লাইনের সমস্যায় সাময়িক বিভ্রাট হয়েছে। ভবিষ্যতে গরম বৃদ্ধি বা আন্তর্জাতিক জ্বালানি পরিস্থিতির কারণে সীমিত লোডশেডিংয়ের প্রয়োজন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

ব্রিফিংয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9756 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 04:30:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh