![]()
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রায় ১৯০টি আসনে এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।
এ পরিস্থিতিতে দলের নেতাকর্মী ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ফলাফল প্রকাশে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এবং বিজেপি “কৌশলগতভাবে” এগিয়ে থাকার তথ্য প্রচার করছে।
তিনি বলেন, “পুরোটাই মিথ্যা নিউজ প্রচার করা হচ্ছে। নির্বাচন কমিশন ইচ্ছে মতো খেলছে। কাউন্টিং এজেন্টদের মন খারাপ করার কিছু নেই। আমরা শেষ পর্যন্ত জিতব।”
মমতা আরও দাবি করেন, প্রথম কয়েক রাউন্ডের ফলাফল দেখিয়ে জনমত বিভ্রান্ত করা হচ্ছে এবং অনেক কেন্দ্রের গণনা পুরোপুরি প্রকাশ করা হচ্ছে না। তিনি সমর্থকদের ভোট গণনা কেন্দ্র না ছাড়ার আহ্বান জানান।
এদিকে ভবানীপুর আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বলে জানা গেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত ফলাফলে দুজনের মধ্যে ভোটের ব্যবধান ওঠানামা করছে বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে শুভেন্দু অধিকারী এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “মানুষ অপশাসনের বিরুদ্ধে ভোট দিয়েছে” এবং বিজেপি দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক সাফল্যের দিকে যাচ্ছে।
বর্তমানে নির্বাচন ঘিরে দুই পক্ষেরই পাল্টাপাল্টি অভিযোগ ও দাবি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।