![]()
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে আজ। সোমবার (৪ মে) সকাল থেকে পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে ভোট গণনা শুরু হয় এবং সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমের ভোট গণনা শুরু হয়েছে।
প্রাথমিক ফলাফলে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিরোধী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিজেপি ১৬২টি আসনে এগিয়ে ছিল। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল ১১৫টি আসনে।
গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে ভোট নেওয়া হয়।
মোট ২৯৪টি আসনের নির্বাচন অনুষ্ঠিত হলেও আজ ভোট গণনা হচ্ছে ২৯৩টি আসনের। কারণ, দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা আসনে নির্বাচনী অনিয়মের অভিযোগে পুরো ভোট বাতিল ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। ওই আসনে আগামী ২১ মে পুনঃভোট অনুষ্ঠিত হবে এবং ২৪ মে ভোট গণনা হবে।
সবশেষ ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এ তৃণমূল কংগ্রেস ২১৫টি আসনে জয় পেয়েছিল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন এবং বাকি দুটি আসন যায় অন্যান্য প্রার্থীদের ঝুলিতে।