• হোম > অর্থনীতি > এপ্রিলেও রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলারের বেশি

এপ্রিলেও রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলারের বেশি

  • সোমবার, ৪ মে ২০২৬, ১১:৫৫
  • ৫৯

---

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসেও দেশে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এ মাসে প্রবাসীরা মোট ৩১২ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৮ হাজার ৩৮৪ কোটি টাকা (ডলারপ্রতি ১২২.৭৫ টাকা হিসেবে)। এর মাধ্যমে টানা পাঁচ মাস ৩ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করল প্রবাসী আয়।

সাধারণত ঈদ ও রোজাকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও এবার উৎসব-পরবর্তী সময়েও উচ্চ প্রবাহ অব্যাহত রয়েছে। ব্যাংকসংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে অনেক প্রবাসী আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন। অনেকে নিজেদের সঞ্চিত অর্থও দেশে পাঠিয়ে দিচ্ছেন। চলতি মাসে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার কারণে মে মাসেও রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চলতি বছরের মার্চ মাসে। ওই মাসে প্রথমবারের মতো প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বা ৩৭৫ কোটি ডলার রেমিট্যান্স দেশে আসে।

বাংলাদেশ ব্যাংক-এর তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত এপ্রিলে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ। গত বছরের একই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। সেখানে চলতি বছরের এপ্রিলে এসেছে ৩১২ কোটি ৭০ লাখ ডলার।

গত বছরের ডিসেম্বরে দেশে বৈধ পথে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ডলার। এরপর চলতি বছরের জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ডলার। সব মিলিয়ে দেশের ইতিহাসে একক মাস হিসেবে এখন পর্যন্ত ছয়বার ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত দেশে মোট ২৯ দশমিক ৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। সে হিসেবে এক বছরে প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে প্রবাসীদের মধ্যে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। ফলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে অর্থ পাচার কমে আসাও ইতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি উল্লেখ করেন।

রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও আরও মজবুত হচ্ছে। বাংলাদেশ ব্যাংক-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ২০ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম৬ হিসাবপদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

 

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9695 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 10:56:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh