• হোম > বাংলাদেশ > ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • রবিবার, ৩ মে ২০২৬, ১৬:৪১
  • ৫২

---

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধন করেছেন। আজ সকাল সাড়ে ১০টায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধানমন্ত্রী সকাল ১০টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয়ে নিজ কার্যালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে যান। এ সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং তিনিও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সম্মেলনে উপস্থিত রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা।

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম ডিসি সম্মেলন। সম্মেলনে মাঠ প্রশাসনের কাছে সরকারের নীতি, পরিকল্পনা ও প্রশাসনিক দর্শন তুলে ধরছেন শীর্ষ নীতিনির্ধারকেরা।

মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানিয়েছেন, এবারের সম্মেলন চার দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এতে মোট ৩৪টি অধিবেশন থাকবে, যার মধ্যে ৩০টি কার্য অধিবেশন। ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ এতে অংশ নিচ্ছে।

সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে ৪৯৮টি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেলেও বাছাই করে এসব প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত।

সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রম তদারকি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9671 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 09:15:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh