• হোম > বাংলাদেশ > কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী

কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী

  • শনিবার, ২ মে ২০২৬, ২৩:২৮
  • ৬৬

---

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং শুধু কথা বলার কারণে কাউকে হয়রানি করা যাবে না।

শনিবার (২ মে) সিলেট জেলা শিল্পকলা একাডেমি-এ দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “মানুষ যেন কথা বলতে পারে। একটা কথা বললো, আর পুলিশ এসে ধরে নিয়ে গেলো—নো, মানুষ এটা চায় না।”

তিনি আরও বলেন, কেউ অপরাধ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, তবে মতপ্রকাশের কারণে কাউকে হয়রানি করা গ্রহণযোগ্য নয়।

বিপুল জনসমাগমের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, রাস্তায় নামা সবাই বিএনপির কর্মী না হলেও সাধারণ মানুষ এখনও দলটির ওপর আস্থা রাখছে। তবে সেই আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “আপনি ক্ষমতাসীন দলের কর্মী—এই জিনিসটা মাথায় আনা যাবে না। এটি মাথায় আনলেই বরবাদ হয়ে যাবে।”

আগামী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার নির্দেশও দেন তিনি। পাশাপাশি জনগণের সঙ্গে আচরণে সতর্ক থাকা এবং দলীয় শৃঙ্খলা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। এছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9661 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 04:08:54 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh