• হোম > দেশজুড়ে > ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, ৮০ শতাংশ হবে নারী: প্রধানমন্ত্রী

১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, ৮০ শতাংশ হবে নারী: প্রধানমন্ত্রী

  • শনিবার, ২ মে ২০২৬, ১৭:২৭
  • ৭৪

---

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, যার মধ্যে ৮০ শতাংশই হবেন নারী। তারা গ্রাম থেকে শহর পর্যন্ত ঘরে ঘরে গিয়ে বিশেষ করে নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন। শনিবার (২ মে) সকালে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরমা নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, গ্রামাঞ্চলের মানুষ এখনও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। তাই যুক্তরাজ্যের এনএইচএস-এর আদলে দেশের স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি জানান, সিলেট মেডিকেল কলেজের অধীনে দ্রুত ২৫০ শয্যার একটি হাসপাতাল চালু করা হবে, যা ভবিষ্যতে ১২০০ শয্যায় উন্নীত করা হবে। একইসঙ্গে শিল্প-কারখানা সম্প্রসারণ এবং আইটি খাতে কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও উল্লেখ করেন তিনি।

সড়ক যোগাযোগ প্রসঙ্গে তারেক রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় যাত্রীদের প্রায় ১০ ঘণ্টা সময় ব্যয় করতে হচ্ছে। সরকার গঠনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এই সড়কের উন্নয়ন কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, জমি অধিগ্রহণ ও প্রশাসনিক জটিলতায় কাজ বিলম্বিত হলেও দ্রুত তা সমাধানের চেষ্টা চলছে এবং দুই থেকে তিন বছরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য রয়েছে।

রেল যোগাযোগকে বেশি গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সিলেট-ঢাকা রেলপথে ডাবল লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে কম খরচে যাতায়াত ও পণ্য পরিবহন সম্ভব হবে। তিনি বলেন, শুধু সড়ক সম্প্রসারণ করলে যানজট বাড়ে এবং কৃষিজমিও ক্ষতিগ্রস্ত হয়, তাই টেকসই যোগাযোগ ব্যবস্থায় রেলকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জলাবদ্ধতা নিরসনে সচেতনতার ওপর জোর দিয়ে তিনি বলেন, শুধু প্রকল্প নিলেই হবে না, মানুষকে প্লাস্টিক ও পলিথিনসহ বর্জ্য যেখানে সেখানে না ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এছাড়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে সারা দেশ থেকে প্রতিভাবান শিশুদের খুঁজে বের করার উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকারের বয়স মাত্র আড়াই মাস হলেও ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড ও ইমাম-মুয়াজ্জিনদের ভাতা চালুর মতো উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগান নিয়েই সরকার এগিয়ে যাচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9637 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 07:46:51 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh