• হোম > সিলেট > সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটের বাসিয়া নদীর খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • শনিবার, ২ মে ২০২৬, ১৬:১৯
  • ৮১

---

সিলেটের কাশিপুর ইউনিয়নে বাসিয়া নদীর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বেলা ১টা ২০ মিনিটে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই তিনি কোদাল হাতে নিয়ে মাটি কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাসিয়া নদীটি সুরমা নদীর সঙ্গে সংযুক্ত এবং এটি শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন, যা পরবর্তীতে নাব্যতা হারিয়ে বন্ধ হয়ে যায়। নতুন করে এই খাল খননের মাধ্যমে স্থানীয় কৃষি ও পানিসম্পদ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং দেড় লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন, পাশাপাশি ফসল উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বাড়বে।

তিনি জানান, শুধু এই খাল নয়, দেশের বিভিন্ন স্থানে আরও খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে প্রায় ৬০টি জেলায় এ ধরনের কাজ শুরু হয়েছে। বাসিয়া খাল পুনঃখননের আওতায় মোট ২৩ কিলোমিটার অংশ খনন করা হবে, যা দুইটি শুকনো মৌসুমে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, খাল খননের পাশাপাশি দুই পাড়ে প্রায় ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে, যাতে পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় মানুষের জন্য উপকার নিশ্চিত হয়। তিনি কৃষকদের জন্য কৃষক কার্ড, ঋণ মওকুফ ও সার-বীজ সহায়তার মতো বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।

স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, এসব উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং জনগণের জীবনমান উন্নয়ন করা। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন মন্ত্রী, উপদেষ্টা ও স্থানীয় জনপ্রতিনিধিরাও বক্তব্য দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9631 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 01:23:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh