• হোম > বাংলাদেশ > বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু

  • শনিবার, ২ মে ২০২৬, ১২:২২
  • ৮০

---

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ছয় দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার রাত থেকে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, শুক্রবার দুপুর থেকে ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করা হয় এবং রাত সাড়ে ৮টার দিকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে শুরু করে। বর্তমানে এই ইউনিট থেকে প্রায় ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে।

গত ২৫ এপ্রিল ইউনিটটির বয়লারের একটি পাইপ ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে মেরামত শেষে পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

সূত্র জানায়, বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট চালু ছিল। পরে ২০১৭ সালে আরও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার একটি তৃতীয় ইউনিট যুক্ত করা হয়। তবে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি কখনোই দীর্ঘ সময় পূর্ণ সক্ষমতায় উৎপাদন বজায় রাখতে পারেনি।

কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ জানিয়েছেন, বর্তমানে বন্ধ থাকা দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলছে। বিশেষ করে তৃতীয় ইউনিটের ওভারহোলিং কার্যক্রম পরিচালনা করছে দায়িত্বপ্রাপ্ত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী ১৫ মে’র মধ্যে তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটি ও বয়লারে পাথর ঢুকে যাওয়ার ঘটনায় বড়পুকুরিয়া কেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়েছিল। এতে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছিল।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9612 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 09:12:15 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh