• হোম > বিদেশ > ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর স্মরণে শোকসভা

ফ্লোরিডায় নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর স্মরণে শোকসভা

  • শনিবার, ২ মে ২০২৬, ১২:০৮
  • ৭৮

---

University of South Florida ক্যাম্পাসে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমন-এর স্মরণে এক আবেগঘন শোকসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টাম্পা ক্যাম্পাসের ক্রিসেন্ট হিলে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, সহপাঠী, শিক্ষার্থী ও স্বজনরা অংশ নেন।

শোকসভার শুরুতেই উপস্থিত সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নিহত দুই শিক্ষার্থীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। নাহিদা ও জামিলের ঘনিষ্ঠ বন্ধু এবং সহপাঠীরা আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। তাদের শোকে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোয়েজ লিমায়েম বলেন, নাহিদা ও জামিল বিশ্ববিদ্যালয় পরিবারের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং তাদের মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কঠিন। তিনি জানান, ক্যাম্পাসে শিক্ষাজীবনে মৃত্যুবরণ করা শিক্ষার্থীদের স্মরণে যে স্মৃতিফলক রয়েছে, সেখানে তাদের নাম স্থায়ীভাবে যুক্ত করা হবে। এছাড়া আগামী সমাবর্তন অনুষ্ঠানেও দুই শিক্ষার্থীকে বিশেষভাবে সম্মান জানানো হবে।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় জামিল লিমনের রুমমেট হিশাম আবুঘারবিয়াহ-কে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুটি ফার্স্ট-ডিগ্রি মার্ডারসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং জামিল লিমন ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9604 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 12:28:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh