![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সিলেট সফরে এসে সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন। এ সময় তিনি দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করেন। সফরে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।
সকাল ১০টা ৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সরাসরি নগরের দরগাগেট এলাকায় অবস্থিত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। পথে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ তাকে স্বাগত জানান। রাস্তার দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ শুভেচ্ছা জানালে প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদন জানান।
মাজার জিয়ারতের সময় সিলেট সিটি কর্পোরেশন-এর প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। সফরকালে প্রধানমন্ত্রী সিলেটে খাল খনন কর্মসূচি, “নতুন কুঁড়ি স্পোর্টস”সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। সব কর্মসূচি শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাও চলতি বছরের ২১ জানুয়ারি সিলেট থেকেই শুরু করেছিলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তার প্রথম সিলেট সফর।