• হোম > বাংলাদেশ | রাজনীতি | সিলেট > সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

সিলেটে প্রধানমন্ত্রীর প্রথম সফর, একাধিক উন্নয়ন কর্মসূচির উদ্বোধন

  • শনিবার, ২ মে ২০২৬, ১১:৩১
  • ১২১

---
 সিলেট প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে এসে পৌঁছেছেন।

আজ (শনিবার) সকাল ১০টা ৫ মিনিটে তিনি সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সফর।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে খাল খনন কর্মসূচি, ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতে ঢাকায় ফিরবেন।

প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি সফরের কর্মসূচি শুরু করবেন।

তিনি বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন। পরে দুপুর ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন।

এরপর সার্কিট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জেলা পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এটি একটি নতুন কর্মসূচি, যা বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।

বিকাল ৫টায় প্রধানমন্ত্রী নগরীর শিল্পকলা একাডেমিতে দলীয় জনসভায় বক্তব্য রাখবেন।

গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তিনি সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9599 ,   Print Date & Time: Sunday, 4 October 2026, 02:13:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh