![]()
ই-বাংলাদেশ ডেস্ক
জাতীয় সংসদ পরিদর্শনে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদ ভবনে এ সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত তৈরি হয়, যখন প্রধানমন্ত্রীর প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠানটির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ অধিবেশন পরিদর্শনে আসে। ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী স্মৃতিচারণ করে বলেন, তিনিও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তার ছোট ভাই আরাফাত রহমান কোকো-ও একই কলেজে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করেন।
প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছবি তোলেন এবং অটোগ্রাফ দেন তিনি। পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর।
সংসদ ভবনের শপথ কক্ষে বসে শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত উপস্থাপনা করা হয়, যেখানে দেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদ ভবনের স্থাপত্যশৈলী সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন আ ন ম এহসানুল হক মিলন-সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে সংসদে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছে।