![]()
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই দেশের শতভাগ শিশু হামের টিকার আওতায় আনা সম্ভব হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে টিবি হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য জিনএক্সপার্ট কার্টিজ ও শিশুদের যক্ষ্মা প্রতিরোধের ওষুধ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বর্তমানে টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার প্রায় ৬১ শতাংশ শিশু অন্তর্ভুক্ত হয়েছে। দ্রুত বাকি শিশুদেরও টিকার আওতায় আনা হবে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই শতভাগ কাভারেজ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং এসব এলাকায় নতুন করে হামের কোনো রোগী শনাক্ত হয়নি, যা কার্যক্রমের অগ্রগতিকে ইতিবাচকভাবে নির্দেশ করে।
তিনি উল্লেখ করেন, টিকাদান কার্যক্রম শুরুর ক্ষেত্রে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনিসেফ, গ্যাভি, বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের সহায়তা ছাড়া পরিস্থিতি আরও জটিল হতে পারত বলে তিনি মন্তব্য করেন। এছাড়া সরকার নির্ধারিত সময়ের অপেক্ষা না করে ২০ এপ্রিল থেকেই টিকাদান কার্যক্রম শুরু করেছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও জানানো হয়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ এবং ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়েছে, যা দেশের যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও জোরদার করবে। মন্ত্রী বলেন, ভ্যাকসিন ও প্রয়োজনীয় সরঞ্জামের কোনো সংকট নেই এবং আগামী কয়েক দিনের মধ্যেই সব টিকাকেন্দ্রে এগুলো পৌঁছে দেওয়া হবে।