![]()
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে দেশজুড়ে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন করা হবে। তিনি এই তথ্য দেন আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে।
তিনি জানান, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নদী, নালা, খাল ও জলাধার পুনরুদ্ধারের বৃহৎ কর্মসূচি চলমান রয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে জুন ২০২৬ পর্যন্ত ১,২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা হবে।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির মাধ্যমে আরও ১,৫০০ কিলোমিটার খাল সংস্কারের কাজ চলবে বলে তিনি জানান।
মন্ত্রী আরও বলেন, গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় ইতোমধ্যে কয়েকটি খাল পুনঃখননের কাজ চলছে এবং বড় আকারের একটি নতুন প্রকল্পও প্রণয়নের পর্যায়ে রয়েছে।
তার মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা কমানো, সেচ সুবিধা বাড়ানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।