![]()
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করার পর এটিই প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৩ মে থেকে চারদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে ৪৯৮টি প্রস্তাব কার্যপত্রে অন্তর্ভুক্ত করে আলোচনা করা হবে। বাকি প্রস্তাবগুলোর কিছু আগের সম্মেলনে আলোচনা হওয়ায় বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর আপত্তির কারণে বাদ দেওয়া হয়েছে।
সম্মেলনের প্রথম দিন সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সমাপনী অধিবেশনও একই স্থানে আয়োজন করা হবে।
এবারের ডিসি সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং স্পিকারের সঙ্গে জেলা প্রশাসকদের সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে, যা গত বছর ছিল না।
সাধারণত সরকারের নীতিনির্ধারক পর্যায় ও মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয়, সমস্যা চিহ্নিতকরণ এবং প্রশাসনিক দিকনির্দেশনা দিতে প্রতি বছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনকে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক নীতিনির্ধারণ ও মাঠপর্যায়ের সমন্বয়ের দিক থেকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।