![]()
ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় আগামী তিন মাস সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জসহ কয়েকটি এলাকায় কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। অনেক স্থানে ফসল নষ্ট হয়েছে এবং কৃষকরা আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছেন। এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে তিন দিন আগেই সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে সতর্ক করা হয়েছিল এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একইসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গেও নিয়মিত সমন্বয় রাখা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী জানান, বৃষ্টিপাত ও ঢলের কারণে যেসব এলাকায় ক্ষতি হয়েছে, সেখানে দ্রুত জরিপ করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হবে এবং তাদের সহায়তা নিশ্চিত করা হবে। সরকারের লক্ষ্য হলো কৃষকদের পুনরুদ্ধারে সহায়তা দেওয়া এবং ক্ষতির প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনা।