• হোম > বাংলাদেশ > পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ: রূপপুরে ফুয়েল লোডিং শুরু

পারমাণবিক বিদ্যুৎ যুগে বাংলাদেশ: রূপপুরে ফুয়েল লোডিং শুরু

  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৩৫
  • ৬১

---

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে জ্বালানি বা ফুয়েল লোডিং শুরু হওয়ায় বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের নাম যুক্ত করল।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফুয়েল লোডিং সম্পন্ন হওয়ার পর ধাপে ধাপে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হবে। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে আরও কিছু সময় লাগবে। ধারণা করা হচ্ছে, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ বা আগস্টের শুরুতে প্রথম বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে এই ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

রূপপুর প্রকল্পে কাজ করা রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেন, বাংলাদেশ এখন শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলোর তালিকায় যুক্ত হয়েছে। তিনি রূপপুর প্রকল্পকে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণ শুরু হয় ২০১৭ সালে এবং দ্বিতীয় ইউনিটের কাজ শুরু হয় ২০১৮ সালে। পুরো প্রকল্পে দুটি ইউনিট মিলিয়ে মোট উৎপাদন ক্ষমতা হবে ২,৪০০ মেগাওয়াট, যা জাতীয় বিদ্যুৎ উৎপাদনের একটি উল্লেখযোগ্য অংশ যোগ করবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ডিসেম্বরের মধ্যে প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে পারে। একইভাবে দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিংও চলতি বছরের শেষ নাগাদ শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

রূপপুর প্রকল্পের অর্থনৈতিক আয়ুষ্কাল ধরা হয়েছে ৬০ বছর, যা প্রয়োজন অনুযায়ী আরও কয়েক দশক বাড়ানো সম্ভব। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইতোমধ্যে প্রকল্পটির নিরাপত্তা ও পরিচালনা ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেছে, যা প্রকল্প বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9492 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 03:57:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh