• হোম > দেশজুড়ে > অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

  • মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৩৪
  • ৭৫

---

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থিকভাবে অসচ্ছল নাগরিকদের জন্য “অ্যাকসেস টু জাস্টিস” বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার এবং অর্থের অভাবে কেউ যেন আইনের আশ্রয় থেকে বঞ্চিত না হয়—এটাই সরকারের মূল লক্ষ্য।

আজ রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের ২৭ অনুচ্ছেদ অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং ন্যায়বিচার প্রাপ্তির অধিকারী, যা আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, ন্যায়বিচার কেবল আদালতের বিষয় নয়; এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মৌলিক ভিত্তি। রাষ্ট্রে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত না থাকলে কোনো দেশ প্রকৃত অর্থে মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে না।

তারেক রহমান তার বক্তব্যে অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছিল। তখন তিনি দেখেছেন, অনেক অসচ্ছল মানুষ শুধুমাত্র অর্থের অভাবে বছরের পর বছর বিচার ছাড়াই কারাগারে ছিলেন।

তিনি জানান, সরকার লিগ্যাল এইড কার্যক্রমকে আরও শক্তিশালী করছে, যাতে ভুক্তভোগীরা সহজেই আইনি সহায়তা পেতে পারে এবং মামলার আগে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা যায়। এতে সময় ও খরচ কমার পাশাপাশি আদালতের ওপর চাপও হ্রাস পাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় আইনগত সহায়তা কাঠামো উন্নত করছে এবং লিগ্যাল এইড কর্মসূচির মাধ্যমে হাজারো বিরোধ আদালতের বাইরে সমাধান করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে আইন মন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এবং আইনগত সহায়তা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন আইনজীবী ও একটি বেসরকারি সংস্থাকে সম্মাননা প্রদান করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9490 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 03:13:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh