• হোম > রাজনীতি > ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নয়, শান্ত পরিবেশ চান শিক্ষার্থীরা: হুইপ বকুল

ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নয়, শান্ত পরিবেশ চান শিক্ষার্থীরা: হুইপ বকুল

  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ২১:৫৮
  • ৭১

---

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আর কোনো ধরনের ‘গুপ্ত রাজনীতি’ দেখতে চান না বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

সোমবার (২৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২২তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রকিবুল ইসলাম বকুল বলেন, দেশের ক্যাম্পাসগুলোতে আবারও অশান্তির আশঙ্কা দেখা দিচ্ছে। তিনি অভিযোগ করেন, গুপ্তভাবে মব সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়।

তিনি আরও বলেন, “আমাদের ছাত্র-ছাত্রীরা অনেক সময় নষ্ট করেছে। তারা এখন আর ক্যাম্পাসে অশান্তি চায় না। তারা চায় শান্ত পরিবেশ এবং উন্মুক্তভাবে রাজনীতির চর্চা হোক।”

হুইপ উল্লেখ করেন, ক্যাম্পাসে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি সুস্পষ্ট রূপরেখা থাকা প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজন হলে জাতীয় সংসদেও আলোচনা হতে পারে বলে মত দেন তিনি।

তিনি জোর দিয়ে বলেন, “রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি, সেটি আর নষ্ট করতে চাই না। আমরা চাই মেধাভিত্তিক ছাত্রসমাজ গড়ে উঠুক, যারা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।”

বিশ্লেষকদের মতে, ক্যাম্পাস রাজনীতি নিয়ে এই বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, যেখানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্থিতিশীলতা ও শিক্ষার পরিবেশ বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9452 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 02:22:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh