![]()
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। সোমবার (২৭ এপ্রিল) বিবিসি-এর এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের জরুরি সংকট মোকাবিলা কমিটি ‘কোবরা’ (COBRA)-এর বৈঠকে নেতৃত্ব দেবেন স্টারমার। এই কমিটিতে দেশটির মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের প্রতিক্রিয়া সমন্বয়ের জন্যই এই কমিটি কাজ করে থাকে।
এর আগে স্টারমার স্পষ্টভাবে জানিয়েছেন, “আমি এই দেশকে এমন কোনো যুদ্ধে জড়াতে দেবো না, যা আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী।” তার এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, যুক্তরাজ্য সরাসরি এই সংঘাতে জড়ানোর ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাজ্যকে অংশগ্রহণের আহ্বান জানালেও তাতে সাড়া দেয়নি লন্ডন। বরং স্টারমার বারবারই বলেছেন, “এই যুদ্ধ আমাদের না।”
বর্তমানে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে সংঘাতে একটি যুদ্ধবিরতি চলছে। তবে ট্রাম্প এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে ঘোষণা দিলেও তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইরান।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই যুদ্ধবিরতির ঘোষণার আড়ালে যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ফলে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ এবং অনিশ্চিত রয়ে গেছে।
বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে যুক্তরাজ্যের জরুরি বৈঠক বৈশ্বিক কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।