• হোম > বাংলাদেশ > “নারীদের জন্য আসছে এলপিজি কার্ড: প্রধানমন্ত্রীর ঘোষণা

“নারীদের জন্য আসছে এলপিজি কার্ড: প্রধানমন্ত্রীর ঘোষণা

  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৮:৩৫
  • ৬০

---

নারীদের রান্নার কষ্ট লাঘবে এলপিজি কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই উদ্যোগ তারই অংশ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শার্শা উপজেলার উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। এ খালটি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রী বলেন, “রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা।” তিনি আরও জানান, উলাশী খালে পানি প্রবাহ নিশ্চিত হলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে।

সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে তিনি যশোর বিমানবন্দর-এ পৌঁছান এবং সেখান থেকে শার্শায় যান।

সফরসূচি অনুযায়ী, খাল পুনর্খনন উদ্বোধনের পর তিনি একটি সুধী সমাবেশে অংশ নেন। এরপর যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতি শেষে বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। পাশাপাশি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় তিনি যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটি যশোরে প্রথম সফর। তবে গত তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9444 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 05:52:05 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh