• হোম > রাজনীতি > “জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা”

“জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা”

  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৮:১৮
  • ৬৯

---

জরুরি সেবায় নিয়োজিত সংস্থাগুলোর জন্য জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, “পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হয়।”

এর আগে সংসদে মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতের টহল কমিয়ে দিয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তিনি কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনাও উল্লেখ করেন।

এ বিষয়ে জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যের উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে এবং ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, “পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডসহ ইমার্জেন্সি সার্ভিসের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।”

সরকার আশা করছে, এই সিদ্ধান্তের ফলে জরুরি সেবাগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9442 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 06:50:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh