• হোম > রাজনীতি > “মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

“মানহানির মামলায় হাইকোর্টে আগাম জামিন পেলেন এমপি আমির হামজা

  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪:০৩
  • ৭২

---

মানহানির মামলায় আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা আমির হামজা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে নিয়ে করা মন্তব্যের জেরে দায়ের করা মামলায় এই জামিন মঞ্জুর করা হয়।

সোমবার হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ আমির হামজার আগাম জামিনের আবেদন শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে জামিনের জন্য হাজির হন আমির হামজা। তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।

পরে আইনজীবী শিশির মনির জানান, আদালত আমির হামজাকে আট সপ্তাহের জন্য অথবা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। একই সঙ্গে কেন তাঁকে নিয়মিত জামিন দেওয়া হবে না, সে বিষয়ে জানতে চেয়ে একটি রুল জারি করেছেন হাইকোর্ট।

মামলার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ এক বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সেই বক্তব্যকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার একটি মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় তাঁকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা।

এ ঘটনায় ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি হুমায়ুন কবির বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ইকবাল হাসান মাহমুদকে নাস্তিক আখ্যা দিয়ে এবং ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে মানহানি করা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে আদালত আমির হামজাকে হাজির হওয়ার জন্য সমন জারি করে। তবে নির্ধারিত তারিখে তিনি নিম্ন আদালতে উপস্থিত না হওয়ায় ২১ এপ্রিল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে তিনি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন এবং শুনানি শেষে আদালত তাঁকে এই জামিন প্রদান করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9438 ,   Print Date & Time: Monday, 24 August 2026, 08:46:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh