![]()
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং যুদ্ধ শেষ করতে তার ওপর কোনো চাপও নেই।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্প্রতি যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে, সেটি কিংবা সম্ভাব্য শান্তি আলোচনা—কোনোটির ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করছে না। তার ভাষায়, “এর কোনো সময়সীমা নেই এবং আমাদের কোনো তাড়াহুড়োও নেই।”
এর আগে তিনি ধারণা দিয়েছিলেন, যুদ্ধটি ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তবে বর্তমানে তা সপ্তম সপ্তাহে গড়িয়েছে।
ট্রাম্প আরও স্পষ্ট করে বলেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনের কারণে দ্রুত যুদ্ধ শেষ করার কোনো চাপ তার ওপর নেই। এ ধরনের দাবি তিনি প্রত্যাখ্যান করে জানান, তার প্রশাসনের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের জন্য একটি “ভালো চুক্তি” নিশ্চিত করা।
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলেও ইরান-এর বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ চালু থাকবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে তেহরানকে আলোচনায় অগ্রসর হওয়ার জন্য একটি ঐক্যবদ্ধ প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
তবে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি, যা ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়াকে আরও অনিশ্চিত করে তুলছে।