![]()
পানি ব্যবস্থাপনা জোরদার ও আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পানি ব্যবস্থাপনা বিষয়ক কমিটির এই গুরুত্বপূর্ণ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং বিশিষ্ট পানি বিশেষজ্ঞ আইনুন নিশাতসহ অন্যান্য কর্মকর্তারা।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এ্যানি জানান, সামনে বর্ষা মৌসুমে বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আগাম করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা পাওয়া গেছে।
তিনি আরও জানান, দেশব্যাপী খাল খনন কর্মসূচি অব্যাহত রয়েছে। আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেটে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী—এমনটাই আশা করা হচ্ছে।
উল্লেখ্য, রোববার দুপুর ১২টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছে সপ্তাহের প্রথম কার্যদিবসের প্রথম সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সভায় পানি ব্যবস্থাপনার উন্নয়ন, বন্যা প্রতিরোধ এবং টেকসই অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।