![]()
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে ঢাকা অঞ্চলে পরিচালক পদে ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হন তিনি।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ঢাকা অঞ্চলের পরিচালক পদে ২০টির মধ্যে ১১টিতে জয় পেয়েছে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ।
নবনির্বাচিত পরিচালক তাসনোভা মাহবুব সালাম বলেন, আবাসন খাতের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং পরিকল্পিত নগর গড়ে তোলাই নতুন কমিটির প্রধান লক্ষ্য হবে।
এদিকে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন কমিটি আবাসন খাতের বিদ্যমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।
এর আগে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচন কমিশনের তথ্যমতে, পুরো প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন। এর মধ্যে ঢাকার ৬১৩ ভোটারের মধ্যে ৫১২ জন এবং চট্টগ্রামের ৬১ ভোটারের মধ্যে ৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সব মিলিয়ে প্রায় ৮৫ শতাংশ ভোট পড়েছে, যা অংশগ্রহণের দিক থেকে উল্লেখযোগ্য।
দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন ঘিরে আবাসন খাতে ব্যাপক আগ্রহ ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। ২৯টি পদের বিপরীতে ৭৭ জন প্রার্থী অংশ নেওয়ায় নির্বাচনটি বেশ জমে ওঠে।
এবারের নির্বাচনে সভাপতি, ছয়টি সহ-সভাপতি ও ১৯টি পরিচালকসহ মোট ২৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তিনটি প্যানেল—আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ, প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ এবং জাগরণ—এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে ঐক্য পরিষদ ও প্রগতিশীল প্যানেল পূর্ণাঙ্গভাবে অংশ নিলেও জাগরণ প্যানেল আংশিকভাবে নির্বাচন করে। পাশাপাশি সভাপতি ও পরিচালক পদে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাপক অংশগ্রহণ ও প্রতিযোগিতার মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এই নির্বাচন আবাসন খাতে নতুন দিকনির্দেশনা দেবে।