• হোম > বাংলাদেশ > ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪০
  • ৭৫

---

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে দ্বিতীয় চালানে আরও ৫ হাজার মেট্রিক টন পরিশোধিত ডিজেল বাংলাদেশে পৌঁছেছে। গতকাল শনিবার সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে এই তেলের চালানটি এসে পৌঁছায়। এ নিয়ে চলতি এপ্রিল মাসে দুই দফায় ভারত থেকে মোট ১৩ হাজার টন ডিজেল দেশে এল।

দেশের উত্তরাঞ্চলের জ্বালানি চাহিদা মেটাতে এপ্রিল মাসে ভারত থেকে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে চার ধাপে এই তেল আসার কথা রয়েছে। এর আগে গত ১১ এপ্রিল প্রথম চালানে এসেছিল ৮ হাজার টন ডিজেল। অবশিষ্ট ১২ হাজার টন ডিজেল আরও দুই দফায় দ্রুতই দেশে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম। এর মধ্যে পরবর্তী ৭ হাজার টনের একটি চালানের পাম্পিং প্রক্রিয়া শীঘ্রই শুরু হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং সংকট মোকাবিলায় মধ্যপ্রাচ্যের পাশাপাশি ভারত থেকেও নিয়মিত ডিজেল আমদানি করছে সরকার। ২০২৩ সালের মার্চ মাসে উদ্বোধন হওয়া ‘বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের’ মাধ্যমে টানা ১৫ বছর তেল আমদানির চুক্তি রয়েছে। পার্বতীপুর ডিপোটি মূলত উত্তরাঞ্চলের আট জেলায় জ্বালানি তেল সরবরাহের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা বর্তমানে পদ্মা অয়েল পিএলসি পরিচালনা করছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9066 ,   Print Date & Time: Tuesday, 22 September 2026, 10:54:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh