• হোম > এক্সক্লুসিভ | বাংলাদেশ > চট্টগ্রামে নৌ-পরিবহনমন্ত্রী বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে

চট্টগ্রামে নৌ-পরিবহনমন্ত্রী বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে

  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২
  • ৫৯

---

চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের রেটিংসদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (পাসিং আউট প্যারেড) অনুষ্ঠান শেষে গতকাল সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি পার হতে না পারার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এ নিয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।’

তিনি আরো বলেন, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। চাহিদা অনুযায়ী পেট্রল পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে। কিন্তু একটি চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এর প্রমাণ হিসেবে বিভিন্ন জায়গায় হাজার হাজার লিটার ডিজেল মজুদ করে রাখার ঘটনা ধরা পড়েছে। সরকার এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, কোনো সংকট নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ আছে। তার পরও সরকার সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশী অপারেটরের কাছে হস্তান্তর প্রসঙ্গে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন ও সামগ্রিক সুবিধা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের ‘পাসিং আউট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা বিশ্বজয় করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

শেখ রবিউল আলম বলেছেন, মেরিটাইম খাতের প্রশিক্ষিত তরুণরাই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতার নতুন দূত হিসেবে কাজ করবেন।

তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে বিশ্ব সমুদ্র অর্থনীতিতে নিজেদের অবস্থান আরো সুসংহত করতে বদ্ধপরিকর বাংলাদেশ।

নবীন ক্যাডেটদের দেশ ও জাতির সম্পদ হিসেবে উল্লেখ করে নৌ-পরিবহনমন্ত্রী বলেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নয়, বরং এটি শারীরিক ও মানসিক বিকাশের মূল ভিত্তি। আপনারা যখন বিশ্বের বিভিন্ন বন্দরে কাজ করবেন, তখন আপনাদের পেশাদারত্ব ও স্মার্টনেসের মাধ্যমেই বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

প্রশিক্ষণকালীন প্রতিকূলতা ও চ্যালেঞ্জ জয়ের প্রশংসা করে তিনি আরো বলেন, একসময়ের দুর্গম সমুদ্র আজ আধুনিক বিশ্বের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। জাহাজ ব্যবস্থাপনা বা নৌ-চলাচল যে বিভাগেই আপনারা থাকুন না কেন, সততা ও দৃঢ়তার সঙ্গে কাজ করে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।

কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে শেখ রবিউল আলম বলেন, কেবল সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষা অনেক সময় বেকারত্ব সৃষ্টি করে। কিন্তু মেরিটাইম প্রশিক্ষণের মতো কারিগরি শিক্ষা নিশ্চিত কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। নব্বইয়ের দশক থেকে এ ইনস্টিটিউট যে দক্ষ জনবল তৈরি করছে, তা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। ভবিষ্যতে এ খাতের আরো আধুনিকায়ন ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/9016 ,   Print Date & Time: Wednesday, 23 September 2026, 02:32:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh