![]()
ইরান জানিয়েছে, কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে প্রচলিত কোনো ফি আরোপ করা হবে না। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ী আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তেহরান প্রচলিত পদ্ধতিতে প্রণালি ব্যবহারের ওপর কোনো ফি আরোপ করবে না। তবে ইরানের পার্লামেন্ট একটি নতুন খসড়া আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে, যেখানে ‘প্রণালির নিরাপত্তা নিশ্চিতকরণ’ সম্পর্কিত একটি বিশেষ ফি নির্ধারণ করা হতে পারে।
রেজায়ী আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পূর্ব-সমন্বয়ের মাধ্যমেই সম্ভব হবে। বিশেষ করে শত্রুভাবাপন্ন সামরিক জাহাজ—যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের—কোনো অবস্থাতেই এই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। তবে বন্ধুপ্রতিম দেশগুলোর জাহাজ ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করে চলাচল করতে পারবে।
এছাড়া প্রণালির নিরাপত্তা ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের ভূমিকা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান।
এর আগে ইরানের বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছিল, দেশটির কর্মকর্তা মাহমুদ নাবাবিয়ান কিছু বাণিজ্যিক জাহাজকে ফি পরিশোধের মাধ্যমে হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়ার কথা বলেছেন।
নাবাবিয়ান এই সিদ্ধান্তকে লেবাননে যুদ্ধবিরতির সঙ্গে যুক্ত করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দুই বিষয়ের মধ্যে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।