• হোম > বাংলাদেশ > আইএমএফ ঋণের চূড়ান্ত সিদ্ধান্ত অমিমাংসিত বিষয়ে সমাধানের পর: অর্থমন্ত্রী

আইএমএফ ঋণের চূড়ান্ত সিদ্ধান্ত অমিমাংসিত বিষয়ে সমাধানের পর: অর্থমন্ত্রী

  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৮
  • ৬১

---

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা চলছে এবং সেগুলোর সমাধান হওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে।

মন্ত্রী জানান, বাংলাদেশের জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আইএমএফ থেকে ঋণ সহায়তা নেওয়া হবে। তার ভাষায়, “আলোচনা অব্যাহত রয়েছে। আমরা অনেকগুলো ইস্যু সমাধান করেছি, তবে কয়েকটি বিষয় এখনো আলোচনায় আছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে এগুলোর সমাধান করার চেষ্টা করছি।”

বাংলাদেশ ও আইএমএফের মধ্যে ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচি শুরু হয় ২০২৩ সালের ৩০ জানুয়ারি। পরে ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের জুনে এ কর্মসূচির আকার বাড়িয়ে ৫৫০ কোটি ডলারে উন্নীত করা হয়। তবে নির্ধারিত কিছু শর্ত পূরণ না হওয়ায় শেষ পর্যায়ে ঋণের কিস্তি ছাড় দেয়নি আইএমএফ।

নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পুনরায় ঋণ সহায়তা নিয়ে আলোচনা শুরু হলেও শর্ত পূরণ নিয়ে জটিলতা তৈরি হয়। সাম্প্রতিক সময়ে ওয়াশিংটনে আইএমএফ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, দেশের ব্যাংকিং খাতের কিছু কাঠামোগত সমস্যায় আইএমএফ ভূমিকা রাখতে আগ্রহী।

তিনি বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া। আলোচনা চালিয়ে যাওয়া হবে এবং সমস্যাগুলোর সমাধান হলে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব।”

এদিকে, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা গিওরগিভা জানিয়েছেন, সংস্থাটির কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ প্রক্রিয়াকে আরও প্রতিযোগিতামূলক করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ সাত বছর পর ভেনেজুয়েলার সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে বলেও তিনি জানান।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8983 ,   Print Date & Time: Saturday, 3 October 2026, 04:05:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh