• হোম > এক্সক্লুসিভ | বাণিজ্য | বিদেশ > উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং

উৎপাদন বাড়াতে সপ্তাহে শতাধিক কর্মী নিচ্ছে বোয়িং

  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪
  • ৬১

---
প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে ১০০ থেকে ১৪০ জন করে নতুন কারখানা কর্মী নিয়োগ দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

২০২৪ সালের পর এটিই বোয়িংয়ের দ্রুততম নিয়োগ প্রক্রিয়া বলে জানা গেছে। মূলত নতুন মডেলের উড়োজাহাজের উৎপাদন বৃদ্ধি এবং আকাশপথে ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কোম্পানি-সংশ্লিষ্টরা।

প্রতিবেদনে উল্লেখ আছে, প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে বোয়িংয়ের ইউনিয়নভুক্ত কারখানা কর্মীর সংখ্যা বর্তমানে ৩৪ হাজার ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকরা বলছেন, এয়ারলাইনগুলোর জ্বালানি সাশ্রয়ী জেটের চাহিদা, মহাকাশ গবেষণা বা স্পেস খাতের ব্যাপক প্রসার ও বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে প্রতিরক্ষা খাতে ব্যয়বৃদ্ধিসহ সব মিলিয়েই অ্যারোস্পেস শিল্পে নিয়োগের হিড়িক পড়েছে।

উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, সিয়াটল এলাকায় বোয়িং বহুল বিক্রীত ‘৭৩৭ ম্যাক্স’ ন্যারোবডি জেটের জন্য চতুর্থ একটি উৎপাদন লাইন চালু করতে যাচ্ছে, যা ‘নর্থ লাইন’ নামে পরিচিত। নতুন এ লাইনের কাজ ত্বরান্বিত করতে এবং অনুমোদনের অপেক্ষায় থাকা ‘৭৭৭এক্স’ ওয়াইডবডি জেটের উৎপাদন সচল রাখতে বিপুলসংখ্যক কর্মীর প্রয়োজন।

আইএএমের জন হোল্ডেন জানান, নিয়োগ কেবল উৎপাদন লাইনের জন্য সীমাবদ্ধ নয়; বরং যন্ত্রাংশ সরবরাহ, লজিস্টিকস, স্টোরেজ, টুলিং ও পরিবহন খাতের কর্মীদের জন্যও বড় সুযোগ তৈরি করছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের কর্মসংস্থান নিরাপত্তা বিভাগের তথ্যানুযায়ী, গত বছরের আগস্টে অ্যারোস্পেস ম্যানুফ্যাকচারিং খাতে কর্মীর সংখ্যা ৭৯ হাজারে নেমে এলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তা বেড়ে ৮১ হাজার ৮০০-তে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বোয়িংয়ের বর্তমান নিয়োগ প্রক্রিয়া ২০২৩-২৪ সালের তুলনায় কিছুটা কম হলেও জন হোল্ডেন একে একটি ‘টেকসই গতি’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি আশাবাদী যে যতক্ষণ বিশ্ব অর্থনীতি সচল থাকবে এবং এয়ারলাইনগুলো থেকে নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ আসতে থাকবে, ততক্ষণ নিয়োগের ধারা বজায় থাকবে। শুধু বোয়িং নয়, শীর্ষস্থানীয় যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘হানিওয়েল অ্যারোস্পেস’ চলতি বছর প্রকৌশল ও ম্যানুফ্যাকচারিং খাতে আরো ১ হাজার ২০০ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8952 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 06:44:20 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh