![]()
দারিদ্র্য দূর করে মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর মাদানী এভিনিউয়ের পিপার ট্রি বিডি ইভেন্ট ভেন্যুতে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কার্নিভাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মন্ত্রী তার বক্তব্যে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশ-এর অবদান প্রশংসনীয়। তিনি সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত করে দেশের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর গত ৫৬ বছরে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যেখানে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষি খাতের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন স্বপ্ন ও উদ্যম নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং দারিদ্র্য দূরীকরণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। উল্লেখ্য, জেসিআই বাংলাদেশ একটি অলাভজনক বৈশ্বিক প্ল্যাটফর্মের অংশ, যা তরুণদের নেতৃত্ব উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে।