![]()
শুরু হচ্ছে ‘গুগল আই/ও ২০২৬’: এআই-নির্ভর চমকের অপেক্ষায় প্রযুক্তি বিশ্ব
ডেভেলপার কনফারেন্সের মৌসুম শুরু হতে যাচ্ছে, আর এ তালিকার সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি হলো গুগল আই/ও। এবারের ইভেন্ট অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ মে।
বরাবরের মতোই মূল আয়োজন হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে। তবে বিশ্বজুড়ে দর্শকরা লাইভস্ট্রিমের মাধ্যমে গুরুত্বপূর্ণ সেশন ও ঘোষণাগুলো সরাসরি দেখতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, ১৯ মে স্থানীয় সময় দুপুর ১টায় উদ্বোধনী কীনোটে গুগল তাদের বড় ঘোষণা তুলে ধরবে। একই দিনে ডেভেলপারদের জন্য আলাদা কারিগরি সেশনও থাকবে।
কী থাকছে এবারের আয়োজনে?
এ বছরের আয়োজনের কেন্দ্রবিন্দুতে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গুগল ইতোমধ্যে জানিয়েছে, তাদের বিভিন্ন পণ্য—জেমিনাই, অ্যান্ড্রয়েড, ক্রোম ও ক্লাউডে নতুন এআই ফিচার ও আপডেট তুলে ধরা হবে।
বিশেষ করে জেমিনাই মডেলের নতুন সংস্করণ এবং কোডিংয়ে এআই ব্যবহারের উন্নয়ন নিয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে। পাশাপাশি ‘গুগল প্লে’, ‘ফায়ারবেইস’, ওপেন সোর্স মডেল ‘জেমা’ এবং অ্যাপ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ‘ফ্লাটার’-এর আপডেট নিয়েও আলোচনা হবে।
সম্ভাব্য বড় ঘোষণা
প্রতি বছরের মতো এবছরও নতুন অপারেটিং সিস্টেম আপডেট নিয়ে আগ্রহ রয়েছে। ধারণা করা হচ্ছে, অ্যান্ড্রয়েড ১৭-এর বিস্তারিত তুলে ধরা হবে, যাতে ডেভেলপাররা আগেভাগেই নিজেদের অ্যাপ প্রস্তুত করতে পারেন।
তবে গুগল এখন বড় আপডেটের বদলে ছোট ছোট ‘পিক্সেল ড্রপ’-এর দিকে ঝুঁকছে। ফলে সব নতুন ফিচার একসঙ্গে না এসে ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে পারে।
এছাড়া ক্রোমওএস ও অ্যান্ড্রয়েডকে একত্র করে একটি সমন্বিত প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনাও আলোচনায় আছে, যা ‘অ্যালুমিনিয়াম ওএস’ নামে পরিচিত একটি প্রকল্পের অংশ হতে পারে।
এআই ফ্রন্টে নতুন কী?
এআই খাতে বড় চমক হিসেবে আসতে পারে জেমিনাই ৪। একইসঙ্গে টেক্সট-টু-ভিডিও প্রযুক্তির উন্নত সংস্করণ ‘ভিও’ নিয়েও বিস্তারিত জানা যেতে পারে।
গুগলের উচ্চাকাঙ্ক্ষী এআই অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অ্যাস্ট্রা নিয়েও নতুন ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
হার্ডওয়্যার চমক থাকবে?
এবারের ইভেন্টে বড় কোনো হার্ডওয়্যার ঘোষণার সম্ভাবনা তুলনামূলক কম। তবে নতুন ধরনের অ্যান্ড্রয়েড এক্সআর ডিভাইস দেখানো হতে পারে।
কিছু গুঞ্জন রয়েছে, পিক্সেল ১১ সিরিজ নিয়ে ইঙ্গিত দেওয়া হতে পারে। তবে গুগল সাধারণত তাদের হার্ডওয়্যার উন্মোচনের জন্য আলাদা ইভেন্ট আয়োজন করে থাকে, তাই এটি নিশ্চিত নয়।
বড় চমকের অপেক্ষা
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যান্ড্রয়েড আপডেট সবসময়ই গুরুত্বপূর্ণ হলেও এবারের মূল আকর্ষণ হবে এআই। গুগল যদি তাদের সব সেবা ও প্ল্যাটফর্মে জেমিনাইকে আরও গভীরভাবে যুক্ত করার পরিকল্পনা প্রকাশ করে, তবে তা প্রযুক্তি খাতে বড় প্রভাব ফেলতে পারে।
এছাড়া গুগল এক্স-এর কোনো নতুন উদ্ভাবনী প্রকল্প সামনে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অতীতে ‘গুগল বিম’–এর মতো ভিন্নধর্মী প্রযুক্তি দেখিয়ে প্রতিষ্ঠানটি চমক সৃষ্টি করেছে।
সব মিলিয়ে, ‘গুগল আই/ও ২০২৬’ ঘিরে প্রযুক্তি বিশ্বে এখন বড় ধরনের চমকের অপেক্ষা।