![]()
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, দুই পক্ষই শান্তি চায় এবং খুব শিগগিরই তা সম্ভব বলে তিনি বিশ্বাস করেন।
যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন-কে পরবর্তী আলোচনা চালিয়ে যেতে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
এর আগে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, তিনি এই দুই নেতার সঙ্গে ‘চমৎকার আলোচনা’ করেছেন এবং তারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
তিনি আরও জানান, গত মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্কো রুবিও-র উপস্থিতিতে ইসরায়েল ও লেবানন ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসে। স্থায়ী শান্তির লক্ষ্যে কাজ চালিয়ে যেতে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প দাবি করেন, বিশ্বজুড়ে তিনি ইতোমধ্যে ৯টি যুদ্ধ সমাধানে ভূমিকা রেখেছেন এবং এটি হবে তার ‘দশম’।
এদিকে লেবাননের প্রধানমন্ত্রী এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন।