![]()
বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় টাইম ম্যাগাজিনে স্থান পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাতীয় সংসদে ধন্যবাদ জানানো হয়েছে। সংসদে বলা হয়, এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত নয়, দেশের জন্যও সম্মানের বিষয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন চলাকালে চিফ হুইপ নুরুল ইসলাম বিষয়টি উত্থাপন করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, টাইম ম্যাগাজিনের তালিকায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত হয়েছেন, যা দেশের জন্যও গৌরবের বিষয়।
চিফ হুইপ আরও বলেন, দীর্ঘ সময় নির্বাসনে থাকার পর দেশে ফিরে তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছেন এবং নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছেন। তার মধ্যে পরিবার কার্ড, কৃষক কার্ড এবং অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রম উল্লেখযোগ্য।
তিনি দাবি করেন, সরকার ইতোমধ্যেই কৃষিঋণ সুদ মওকুফসহ বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত নিয়েছে এবং ধর্মীয় ও সামাজিক খাতেও ভাতা ও সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।
চিফ হুইপের ভাষ্য অনুযায়ী, এসব উদ্যোগ দেশের মানুষের আস্থা অর্জনে সহায়তা করেছে এবং আন্তর্জাতিক পর্যায়েও নেতৃস্থানীয় অবস্থান তৈরি করেছে।