![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদি, টেকসই ও পরিকল্পিতভাবে উন্নয়নের লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে। এ উদ্দেশ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একটি ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে এবং সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম থেকে সম্ভাব্য অর্জন বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, মহাপরিকল্পনায় কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটন উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ‘পটুয়াখালী জেলার কুয়াকাটা ও চট্টগ্রাম জেলার পতেঙ্গা-আনোয়ারা সমুদ্র সৈকতের মৌলিক সুবিধা উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের জন্য সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে কুয়াকাটা সংলগ্ন সাতটি উপজেলা—গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালি, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী ও তালতলী—নিয়ে ‘পায়রা-কুয়াকাটা কমপ্রিহেনসিভ প্ল্যান ফোকাসিং অন ইকো-টুরিজম’ গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় বর্তমানে ‘অ্যাকশন এরিয়া প্ল্যান’ প্রণয়নের কাজ চলছে।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিকল্পনাটি চূড়ান্ত হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে এর বাস্তবায়ন সম্ভব হবে এবং এর ফলে কুয়াকাটাসহ সংশ্লিষ্ট অঞ্চলের পর্যটন খাতের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।