![]()
১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ (PEDP-5) শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের প্রাথমিক বিদ্যালয়ের অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণের আওতায় আনা হবে, যাতে শিক্ষার মান ও দক্ষতা আরও বৃদ্ধি পায়।
সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা প্রায় ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ইতোমধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আগামী নতুন কর্মসূচির মাধ্যমে বাকি শিক্ষকদের পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে, যা দেশের প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একই অধিবেশনে উপকূলীয় অঞ্চল নিয়ে প্রশ্নের জবাবে তারেক রহমান জানান, দেশের উপকূলীয় এলাকার উন্নয়ন, জলবায়ু ঝুঁকি মোকাবিলা এবং সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারের জন্য সুনীল অর্থনীতি কাঠামো শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারেও সুনীল অর্থনীতি এবং সমন্বিত সমুদ্র সম্পদ ব্যবস্থাপনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই উপকূলীয় উন্নয়ন ও সুনীল অর্থনীতি ব্যবস্থাপনার জন্য পৃথক প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে।