• হোম > বাংলাদেশ > সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে

সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: সাবেক যুবদল নেতা মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে

  • মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১৬:৫২
  • ৫৭

---

রাজধানীর শ্যামলীতে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক কামরুল ইসলামের মালিকানাধীন সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি-এ ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনসহ তিনজনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক মো. ছাব্বির আহমেদ আসামিদের সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দুই আসামি হলেন এমবি স্বপন কাজী ও মো. শাওন হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন, অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে রিমান্ড বাতিলের দাবি জানায়। পরে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১০ এপ্রিল সকালে হাসপাতালের সামনে এসে আসামিরা চিকিৎসক কামরুল ইসলামের স্ত্রীকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তারা আরও লোক জড়ো করে হাসপাতালের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করে বলেও এজাহারে উল্লেখ রয়েছে।

এর আগে শনিবার শেরেবাংলা নগর থানায় হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ বাদী হয়ে মামলাটি করেন। পরবর্তীতে মঈন উদ্দিনকে নড়াইলের কালিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার আরও কয়েকজন সহযোগীকেও আটক করা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে বলে জানা গেছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8806 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 06:00:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh