• হোম > দেশজুড়ে > কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী

  • মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১৬:৩২
  • ৫২

---

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের কোনো সুযোগ নেই। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুরে কৃষক কার্ড বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি বলেন, পর্যায়ক্রমে সারাদেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মধ্যে এই কার্ড বিতরণ করা হবে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে।

মন্ত্রী আরও জানান, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ করছে। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। কৃষকদের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে শৈলকুপার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কৃষক কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী নিজেই। এছাড়া জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, কৃষি বিভাগসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং প্রায় ১ হাজার ৬৭৯ জন উপকারভোগী কৃষক-কৃষাণী অনুষ্ঠানে অংশ নেন। পাইলট প্রকল্পের আওতায় কৃপালপুর ব্লকের কৃষকরাই প্রথম ধাপে এই কৃষক কার্ড পাচ্ছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/8792 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 11:50:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh