![]()
কৃষকদের জীবনমান উন্নয়নে নতুন উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা নববর্ষ-১৪৩৩ উপলক্ষে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এই কর্মসূচির সূচনা করা হয়। প্রাক-পাইলট পর্যায়ে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় ২২ হাজারের বেশি কৃষকের ব্যাংক হিসাবে মোবাইলের মাধ্যমে সরাসরি আড়াই হাজার টাকা করে পাঠানো হয়েছে। টাঙ্গাইল জেলায় এক হাজার ৪৫৩ জন কৃষক এ সুবিধা পেয়েছেন এবং অনুষ্ঠানে প্রতীকীভাবে ১৫ জন কৃষকের হাতে কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
এই ‘কৃষক কার্ড’ একটি ব্যাংকিং ডেবিট কার্ড, যার মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সহজ শর্তে কৃষিঋণ, ভর্তুকি ও প্রণোদনা, সেচ সুবিধা, কৃষি যন্ত্রপাতি, আবহাওয়া ও বাজার তথ্য, প্রশিক্ষণ, রোগ-বালাই ব্যবস্থাপনা পরামর্শ, কৃষি বিমা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের মতো ১০ ধরনের সুবিধা পাবেন। প্রাক-পাইলট পর্যায়ে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের বছরে আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে। তিন ধাপে বাস্তবায়িত এই কর্মসূচি পরীক্ষামূলক পর্যায় শেষে পাইলট এবং পরবর্তীতে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।