![]()
বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন Riyadh Air-এর ফ্লাইট চালু হতে পারে বলে জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে পর্যটন খাতের উন্নয়ন এবং আকাশপথে যোগাযোগ সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হয়।
রাষ্ট্রদূত জানান, Riyadh Air বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়। পাশাপাশি সৌদি এয়ারলাইনসগুলোর সেবার মান উন্নয়নের ওপরও গুরুত্ব আরোপ করা হয়।
সৌদি রাষ্ট্রদূত এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।